নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা-পুলিশের বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলার আসামি একজন, সন্ত্রাসবিরোধী মামলার আসামি একজন, পুরোনো মামলার আসামি একজন এবং মাদকসেবী নয়জন রয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনভর সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একাধিক দল অভিযানে অংশ নেয়।
পুলিশ জানায়, অভিযানে মাদকসেবী হিসেবে ফজল হক (৩৮), ফিরোজ (৩০), আপেল মাহমুদ (৩৮), শুভ্র দে সচিন (২৫), রায়হান ওরফে নিলয় (১৯), মঞ্জুর হোসেন (৪৫), ইমরান হোসেন সজীব (২৪), সায়েম (৩০) ও আতিকুর রহমান (২২)-কে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া সন্ত্রাসবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সাদিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. হাকিম উদ্দিন (৫০)-কে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় শামীম (৩২) নামে একজনকে এবং পুরোনো মামলায় পিয়ার (৪০) নামে অপর একজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে গ্রেপ্তার শামীমের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।




