নারায়ণগঞ্জ ।
,

সোনারগাঁয়ে আল-কোরআন অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মসজিদের ভেতরে পবিত্র আল-কোরআন অবমাননার অভিযোগে ইয়া নবী (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ইয়া নবী সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাব এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মঞ্জু মিয়ার ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সাদিপুর ইউনিয়নের বরাব পশ্চিমপাড়া হাজী আব্দুর রহমান জামে মসজিদের অভ্যন্তরে পবিত্র আল-কোরআন নিয়ে অবমাননাকর আচরণের অভিযোগ ওঠে। মসজিদে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে কথিত ঘটনাটি ধারণ হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ইয়া নবীকে হেফাজতে নেয়।

পরে এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে সোনারগাঁ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলায় গ্রেফতার দেখিয়ে ইয়া নবীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব, অপপ্রচার বা উত্তেজনা না ছড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। আইন নিজের হাতে তুলে না নিয়ে যেকোনো অভিযোগ বা তথ্য তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শান্তি, সম্প্রীতি ও জননিরাপত্তা বজায় রাখতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >