নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন নাজমুল হাসান (২৫)। তিনি বাগেরহাট জেলার মোংলা বন্দর থানার দীঘরাজ বাজার এলাকার মো. আয়নাল খানের ছেলে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শেখ পারভেজ বিন কামাল চৌধুরীর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে সোনারগাঁও থানাধীন আষাড়িয়ারচর এলাকার মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে পুলিশ চেকপোস্টের সামনে পাকা রাস্তা থেকে নাজমুল হাসানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।






