নারায়ণগঞ্জ ।
,

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ সশস্ত্র ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মিজানুর রহমান সোহেল (৪১) নামে এক সশস্ত্র ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি সামুরাই, একটি চাপাতি ও তিনটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, রাতের আঁধারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল একটি প্রাইভেটকারকে সিগন্যাল দিয়ে থামানোর চেষ্টা করে। এ সময় তারা গাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি মোবাইল ডিউটিতে নিয়োজিত টহল পুলিশের নজরে আসে।

পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের ৫ থেকে ৬ জন সদস্য দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে ঘটনাস্থল থেকে মিজানুর রহমান সোহেলকে আটক করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত মিজানুর রহমান সোহেল কুমিল্লার চান্দিনা থানার জিরাবাইস এলাকার বাসিন্দা। তার পিতার নাম আব্দুর রব মিয়া এবং মাতার নাম মফি আক্তার।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সোহেল একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেছে বলে জানা গেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাত দলের আরও কয়েকজন সদস্যের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন—রাকিব (৩৫), পিতা অজ্ঞাত, ঠিকানা অজ্ঞাত, যিনি ‘শ্রাবণ’ গাড়ির হেলপার হিসেবে পরিচিত; নাহিদ (৩৩), পিতা মজিবর, মাতা নাজমা মেম্বার, কাঁচপুর উত্তরপাড়া, সোনারগাঁ, নারায়ণগঞ্জ; আলামিন (২৫), পিতা অজ্ঞাত, কাঁচপুর উত্তরপাড়া, সোনারগাঁ, নারায়ণগঞ্জ; ইউসুফ (৩০), পিতা অজ্ঞাত, ঠিকানা অজ্ঞাত। এছাড়াও ডাকাত দলের আরও ১ থেকে ২ জন অজ্ঞাতনামা সদস্য রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, ঘটনার পর থেকে পলাতক ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে সোনারগাঁ থানা পুলিশ। মহাসড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাতের টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম:

  • ১টি সামুরাই
  • ১টি চাপাতি
  • ৩টি সেলাই রেঞ্জ

পুলিশের ভাষ্য, মহাসড়কে ডাকাতি ও ছিনতাইসহ অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টহল এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >