নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইপিজেড নিয়ন্ত্রণে গোলাগুলি, এখনো উদ্ধার হয়নি অস্ত্র

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের নিয়ন্ত্রণ নিয়ে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর ও বিএনপি নেতা মনির হোসেন গ্রুপের সংঘর্ষের ঘটনায় এক বছর পার হয়ে গেলেও এখনও সংঘর্ষের ব্যাবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ।

এর আগে ২০২৫ সালের ৬ মার্চ সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে ব্যবসা নিয়ন্ত্রনকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে করে স্থানীয় এক সাংবাদিকসহ দুপক্ষের অন্তত দশ থেকে পনেরো জন আহত হয় বলে জানা গেছে। এঘটনায় আটটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং ছয়টি মোটরসাইকেল ভাঙ্গচুর করা হয়।

জানা যায়, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর এবং নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন গ্রুপের মধ্যে আদমজী ইপিজেডের ইউনিভার্সেল নাম একটি পোশাক ব্যাবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করে আসছিলো। ৬ মার্চ দুপুরে মনির গ্রুপের সোহাগ নামে একজনকে মারধর করে সাগর গ্রুপের লোকজন। এর সূত্র ধরে বিকেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় দেশীয় অস্ত্র ও পিস্তলসহ সংঘর্ষে লিপ্ত হন উভয় গ্রুপের সদস্যরা। সংঘর্ষের সময় সড়কে চলাচলরত সাধারণ যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

এঘটনার বছর পেরিয়ে গেলেও এখনও অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়নি৷ ধারণা করা হচ্ছে নির্বাচনের পরে ইপিজেডের দখল নিয়ে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এসকল অবৈধ অস্ত্র উদ্ধার করা না হলে ভবিষ্যতে বড় ধরনের অঘটন ঘটাতে পারে।

জানা যায়, ইপিজেডে সেই অস্ত্রের মহড়ার পর ধীরে ধীরে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেয় সাগর গ্রুপ। বিশাল বাহিনী দিয়ে এসব নিয়ন্ত্রণ ও বাহিনী নিয়ে ঘুরে প্রভাব বিস্তার অব্যাহত রেখেছে তারা। দলীয় বা সাংগঠনিক কোন পদে না থাকলেও সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী প্রভাব ও অস্ত্রের মহড়ায় এখন সব নিয়ন্ত্রণ তাদের হাতেই। দীর্ঘদিন রাজপথে থাকা নেতাকর্মীদের অবমূল্যায়ন হলেও অভিযোগ রয়েছে এসব সন্ত্রাসী গ্রুপে আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসন হচ্ছে।

দ্রুত এসব সন্ত্রাসী গ্রুপগুলো থেকে অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনার দাবি ব্যবসায়ীদের ও স্থানীয়দের।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >