নারায়ণগঞ্জ । রবিবার
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে তাকবির হত্যা ঘটনায় গ্রেপ্তার 2

সিদ্ধিরগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবনে উদ্ধার হওয়া তাকবির আহমেদ (২২) হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মাদক সেবন ও অনলাইন জুয়া নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে সংস্থাটি।

পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহত তাকবির চাকরির উদ্দেশ্যে বিদেশ যেতে প্রস্তুতি নিচ্ছিলেন; ২৫ নভেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হলে পরদিন ২৬ নভেম্বর দুপুরে স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবনের একতলার পূর্ব পাশে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরিবারের বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়।

২৭ নভেম্বর মামলাটি পিবিআই তদন্তের দায়িত্ব পান। অভিযান চালিয়ে প্রথমে সোনারগাঁয়ের লাঙ্গলবন্দ এলাকা থেকে মো. হারুন (৩৪)কে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনি মোড় থেকে মো. রফিকুল (৩৮)কে আটক করা হয় এবং রফিকুলের বাড়ি থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে মাদক সেবন ও অনলাইন জুয়ার কারণে বাকবিতণ্ডা সৃষ্টি হলে তারা তাকবিরকে ভাওয়াল ভবনে ডেকে নিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে। পরে মামলাটি ভিন্ন খাতে নেওয়ার উদ্দেশ্যে নিহতের পিতার কাছে পুরানো সিমকার্ড ব্যবহার করে ৪০ হাজার টাকা মুক্তিপণও দাবি করা হয়েছিল বলে জানানো হয়েছে।

২৮ নভেম্বর দু’জনকেই নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালতে পাঠানো হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ বলেন, ‘খুনের মোটিভ, ব্যবহৃত উপকরণ এবং আসামিদের কর্মকৌশল নিশ্চিত করা হয়েছে; মামলার সব দিক যাচাই করে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >