নারায়ণগঞ্জ । রবিবার
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে ট্রান্সফর্মারে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নজরুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় তার দুই সহকর্মী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান বলে জানা গেছে।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ৬নং ওয়ার্ডের মোনলাইট গার্মেন্টস সংলগ্ন রাস্তার ওপর বিদ্যুতের লাইনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত-আহতদের পরিচয় বিস্তারিত জানা সম্ভব হয়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল রহমান নামের এক ঠিকাদারের হয়ে মুনলাইট গার্মেন্টসের সামনে ১২-১৩ জন শ্রমিক বৈদ্যুতিক একটি ট্রান্সফর্মারে কাজ করছিলেন। কাজ করাকালীন লাইন বন্ধ থাকলেও আচমকা লাইন চালু হলে নজরুল ইসলাম ও তার সহকর্মীরা আহত হন। এতে ঘটনাস্থলে নজরুলের মৃত্যু হয় এবং বাকি দুইজন গুরুতর আহত হন।

সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি সূত্রে জানা গেছে, সুমিলপাড়া আদমজী সড়কের পাশে অস্থায়ী একটি ট্রান্সফর্মার লাগানো হয়েছিল। ট্রান্সফর্মারটি পরিবর্তন করে আরেকটি ট্রান্সফর্মার লাগাতে কাজ করছিল সাবঠিকাদার আব্দুর রহমান। কাজ শুরু করার আগেই কন্ট্রোলরুম থেকে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল। ট্রান্সফর্মার দুটি তার খোলার পর তৃতীয় তারটি খোলার সময় হঠাৎ বিদ্যুৎ চালু হয়ে যায়। এতে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে এসেছি। তবে আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের কোনো এক হাসপাতালে নিয়ে গেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, নজরুল নামের একজনের মৃত্যু হয়েছে এবং আহত দুইজনকে মুমূর্ষু অবস্থায় খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঠিকাদার আব্দুর রহমানের টিমের হয়ে সকালে ১২-১৩ জন শ্রমিক ট্রান্সফর্মারের কাজ করছিলেন। তখন কন্ট্রোলরুম থেকে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেওয়া হয়েছিল। কাজ চলাকালীন হঠাৎ করে বিদ্যুৎ লাইন চালু হয়ে গেলে ৩ জন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। তার মধ্যে দুজন নিচে পড়ে যান, আর নজরুল ইসলাম ওপরেই ঝুলে থাকেন। সেখানেই তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >