নারায়ণগঞ্জ । শুক্রবার
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ-৫
নাগরিক মর্যাদা-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন করছি: তারিকুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণসংহতি আন্দোলন মনোনীত মাথাল প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম সুজন বলেছেন, “আমি কেবল ভোটার তৈরি করতে নয়, নাগরিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের সমস্যার টেকসই সমাধানের লক্ষ্যে নির্বাচন করছি।”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নাসিক ১৩নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত আমলাপাড়া, স্বর্ণপট্টি, মাসদাইর বাজার ও তালা ফ্যাক্টরি এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তারিকুল ইসলাম সুজন বলেন, “দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ নানামুখী নাগরিক সমস্যায় জর্জরিত হলেও সেগুলোর কোনো টেকসই সমাধান হয়নি। কারণ জনপ্রতিনিধিরা নাগরিক অধিকারকে উপেক্ষা করেছেন এবং দায়বদ্ধতা অনুভব করেননি।”

তিনি বলেন, “শুধু ভোটের সময় মানুষের কাছে যাওয়া এবং নির্বাচনের পর নাগরিক সমস্যাকে গুরুত্ব না দেওয়ার যে সংস্কৃতি গড়ে উঠেছে, সেটির পরিবর্তন জরুরি।”

তিনি আরও বলেন, “নির্বাচিত হলে আমি শুধু একজন জনপ্রতিনিধি হিসেবে নয়, একজন দায়িত্বশীল নাগরিক সেবক হিসেবে কাজ করতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নিরাপত্তা ও সুশাসনের প্রশ্নে নাগরিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

গণসংযোগকালে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “সচেতন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।”

এ সময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে নাগরিক অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলনে পাশে থাকার আহ্বান জানান।

গণসংযোগে তার সঙ্গে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলমগীর হোসেন আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির জেলা আহ্বায়ক আব্দুল আল মামুন, বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আবুল হোসেন মারুফ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা সহ-সভাপতি সৃজয় সাহা, রনি শেখসহ গণসংহতি আন্দোলন ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >