নারায়ণগঞ্জ । শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে পোশাক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড !

নারায়ণগঞ্জে একটি পোশাক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের ৩০টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (৬ ডিসেম্বর) ভোরে নগরীর নতুন পালপাড়া এলাকার সমীর কর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ৩০টি দোকান পুড়েছে বলে জানা গেলেও এখনো পর্যন্ত মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।”

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, “আগুন লাগার স্থানটিতে যাতায়াতের সড়কটি প্রশস্ত না হওয়ায় গাড়ি প্রবেশ করতে পারেনি। এছাড়া পানিরও সংকট ছিল। যার দরুন আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের।”

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >