নারায়ণগঞ্জ ।
,

রূপগঞ্জে কিশোরীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, ৩ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল থেকে ফেরার পথে মোটরসাইকেলের গতিরোধ করে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। এ সময় কিশোরীর সঙ্গে থাকা বন্ধুকে একটি কক্ষে আটকে রাখা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলেন—গন্ধর্বপুর এলাকার রেদোয়ান হোসেনের ছেলে নাদিম হোসেন (২২), শুক্কুর আলীর ছেলে সিহাব হাসান (২১) এবং জহিরুল ইসলামের ছেলে ইমন মিয়া (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে তারাবো পৌরসভার মৈকুলী এলাকার ওই কিশোরী তার বন্ধু আকাশ আহম্মেদের সঙ্গে মোটরসাইকেলে করে পূর্বাচল উপশহরে ঘুরতে যান। রাতে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক ১১টার দিকে গন্ধর্বপুর এলাকায় পৌঁছালে পূর্বপরিচিত নাদিম, সিহাব ও ইমন তাদের পথরোধ করেন।

অভিযোগ রয়েছে, পরে জোরপূর্বক ওই কিশোরী ও তার বন্ধুকে পাশের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে আকাশকে একটি কক্ষে আটকে রেখে কিশোরীর ওপর পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে দুজনকে ছেড়ে দেওয়ার বিনিময়ে আকাশের কাছে ৫০ হাজার টাকা দাবি করে অভিযুক্তরা। টাকা নিয়ে আসার কথা বলে কৌশলে ওই ভবন থেকে বের হয়ে আসেন আকাশ। এরপর তিনি দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় কিশোরীকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই নাদিম, সিহাব ও ইমনকে গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >