স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, রূপগঞ্জ পৌরসভার জন্য আমরা আলাদা ময়লা ফেলার জায়গার ব্যাবস্থা করছি। যেখানে সমস্ত ইন্ডাস্ট্রি ও পৌরসভার ময়লা সেখানে ফেলা হবে। এখন অনেক বিদেশি ওয়েস্ট ম্যানেজমেন্ট কোম্পানি বাংলাদেশে এসেছে। তারা ময়লা থেকে বিদ্যুৎ, গ্যাস তৈরির কাজ করছে।
ইতিমধ্যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও পৌরসভা লেভেলে চুক্তির মাধ্যমে তারা এ কাজগুলো করছে৷ নতুন ল্যান্ড ফিল্ডে ময়লা যাওয়ার পরে আমি বিদেশি টিমকে দ্রুত পাঠিয়ে দিবো ইউএনওর কাছে৷ তারা আলোচনা করবে। এই ময়লা রিইউজ করলে ময়লা এমনি কমে যাবে।
রোববার (১৪ জুন) রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কের পাশে ময়লার ভাগাড় অপসারণ করে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে একথা বলেন তিনি।
তিনি বলেন, এই যে ময়লার ভাগাড়টি এটি ঈদের ছুটির সময় হয়তো লোকজন ফেলেছিল। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ায় তিনি আমাদের বলেছেন এটা পরিষ্কার করতে। এর পরিপ্রেক্ষিতে আজ আমরা এখানে এসেছি। গত দুইদিন ধরে এখানে কাজ চলছে। পরবর্তীতে যেন এখানে ময়লা না ফেলা হয় এ ব্যাপারে ইউএনও পদক্ষেপ নিবে।
মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কোন রাস্তার ধারে বা মহাসড়কের পাশে ময়লার ল্যান্ড ফিল্ড বা ময়লার ভাগাড় করা যাবে না। আমরা ইতিমধ্যে সমস্ত পৌরসভা ও সিটি করপোরেশনকে নির্দেশনা দিয়েছি।
গতকাল কক্সবাজারে মাননীয় প্রধানমন্ত্রী পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন। আজও আমরা এখানে বৃক্ষরোপণ করেছি। আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারাও বৃক্ষরোপণ কাজে অংশগ্রহণ করবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম সহ আরো অনেকে।







