নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে এস.ডি.কে প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ইউনিট-২ নামক একটি কারখানায় ডাকাতির অভিযোগ পাওয়া গিয়েছে।
১২ জুন শুক্রবার উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় অবস্থিত এস.ডি.কে প্রিন্টিং প্যাকেজিং ফ্যাক্টরীতে ৪০/৫০ জন সদস্যের একদল ডাকাত সন্ধ্যা ৭ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ডাকাতি করে। এসময় ডাকাতদল কারখানার ম্যানেজার সহ অন্যান্য শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২১ লক্ষ ৩৫ হাজার টাকা এবং ৮০ লক্ষ টাকার বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
এস.ডি.কে প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ফ্যাক্টরী ম্যানেজার মোঃ হৃদয় জানায়- ৩ জন লোক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে জোরপূর্বক কারখানায় প্রবেশ করে, একপর্যায়ে তাদের পরিচয় পত্র দেখতে চাইলে তারা পিস্তল ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে আমাদের হাত পা মুখ বেঁধে পাশের একটি রুমে আটকে রাখে। এসময় তাদের সাথে থাকা অন্যান্য প্রায় ৪০/৫০ জনের মতো অস্ত্রধারী ব্যক্তি কারখানায় প্রবেশ করে অফিসের লকারে থাকা নগদ ২১ লক্ষ ৩৫ হাজার টাকা নিয়ে যায়। পরবর্তীতে তারা একটি ট্রাক ও এক্সেলেটর গাড়ী দিয়ে কারখানার ভিতরে থাকা কম্প্রেসার, মোটর, হোন্ডা, গাড়ীর ব্যাটারী, স্ক্রাফসহ মূল্যবান কাঁচামাল লুট করে।
এস.ডি.কে প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল কাদের জানায়- গতকাল রাত আনুমানিক ৭ টা থেকে ১২ টা পর্যন্ত ৪০/৫০ জনের একদল ডাকাত নিজেদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে কারখানার ভিতরে প্রবেশ করে কারখানার ম্যানেজার হৃদয়সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের পিস্তল ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ১ কোটি টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। ডাকাত দলের সদস্যরা কারখানা ও অফিসের সকল ক্যামেরা ভেঙে নষ্ট করে রাখ এবং, হার্ডডিস্ক নিয়ে যায়৷ তিনি আরো জানায়- ঘটনাস্থল থেকে ১০০ মিটার উত্তরে বরাব বাসস্ট্যান্ডে মহাসড়ক কর্তৃপক্ষের একটি সিসি ক্যামেরা আছে এবং দক্ষিনে সেকান্দর ফিলিং স্টেশনে ক্যামেরা আছে, আমরা ধারনা করছি এই ক্যামেরাগুলোর ফুটেজ থেকে ডাকাত দলের তথ্য পাওয়া যাবে।
আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে ডাকাতির বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন আহমেদ জানায়, ডাকাতির বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি, ডাকাতির ঘটনা জানতে পেরে তাৎক্ষণিক আমাদের টিম ঘটনাস্থলে যায়, বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চলমান আছে।








