নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ৩,২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মোঃ মেহেদী ইসলামের নেতৃত্বে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.আইচ. এম সালাউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকায় জোসনা বেগম (৪৬) এর বসতঘরে তল্লাশি চালিয়ে শাহেদ (২৬) ও বিপ্লব (২৬) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।








