নারায়ণগঞ্জ-৪ আসনের বাংলাদেশ রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আলী নির্বাচনী প্রচারণায় বের হয়ে সাধারণ মানুষের বিপুল ভালোবাসায় আপ্লুত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার ঐতিহ্যবাহী ঋষিপাড়া মন্দির এলাকায় গণসংযোগে গেলে সেখানকার সনাতন ধর্মাবলম্বী সাধারণ ভোটাররা তাকে আপনজনের মতো আন্তরিকভাবে গ্রহণ করে নেন।
গণসংযোগকালে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সাধারণ ভোটাররা ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিবাদনের মাধ্যমে মোহাম্মদ আলীকে স্বাগত জানান। তাদের এই উষ্ণ ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন প্রার্থী নিজেও।
এ সময় উপস্থিত সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নিয়ে একটি শান্তিপূর্ণ, উন্নত ও মানবিক নারায়ণগঞ্জ গড়াই আমার লক্ষ্য। নির্বাচিত হলে ঋষিপাড়ার সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।”
তিনি আরও প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে ঋষিপাড়া এলাকার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ঋষিপাড়া মন্দিরের সার্বিক উন্নয়ন, সংস্কার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে এলাকায় যাতায়াতের জন্য অত্যন্ত সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ রাস্তাটি প্রশস্তকরণসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
গণসংযোগে অংশ নেওয়া সনাতন ধর্মাবলম্বী সাধারণ ভোটাররাও তাদের বক্তব্যে বলেন, মোহাম্মদ আলী একজন সৎ, যোগ্য ও জনগণের কথা ভাবেন এমন নেতা। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাতি প্রতীকে ভোট দিয়ে তার পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে অবহেলিত ঋষিপাড়া এলাকার উন্নয়নে মোহাম্মদ আলীর এই প্রতিশ্রুতি এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। গণসংযোগে প্রার্থীর সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তার সমর্থকরাও উপস্থিত ছিলেন।




