নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশত্রুতার জেরে রায়হান (৩০) নামে এক যুবককে প্রকাশ্য সড়কে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে ইসদাইর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। হামলার পর রক্তাক্ত অবস্থায় রায়হানকে সড়কে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায় হত্যাকারীরা।
নিহত রায়হান গলাচিপা এলাকার মেছের আলীর ছেলে। তিনি পেশায় একজন বাবুর্চি ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে রায়হানের ওপর ঝাঁপিয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে তারা।

এদিকে ঘটনার পর এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। প্রকাশ্য সড়কে এমন হত্যাকাণ্ডে জননিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা।
নিহতের মেজো ছেলে সাব্বির অভিযোগ করেন, প্রায় এক মাস আগে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মাদক ব্যবসায়ী রাজ্জাকের সঙ্গে রায়হানের বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জেরে একপর্যায়ে রাজ্জাক রায়হানকে পায়ে ছুরিকাঘাত করে। সাব্বিরের দাবি, ওই ঘটনার প্রতিশোধ হিসেবেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং এর সঙ্গে রাজ্জাক সরাসরি জড়িত।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, “হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।”
নিহত রায়হানের পরিবার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত রাজ্জাক দীর্ঘদিন ধরেই মাদক কারবারের সঙ্গে জড়িত থাকলেও তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলেই এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে।





