নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস বিকৃতির যুগ শেষ, সত্যের ওপরই দাঁড়াবে আগামীর বাংলাদেশ: নঈম জাহাঙ্গীর

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বক্তাবলী গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ইতিহাস বিকৃতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টার বিরোধিতা করে কঠোর বক্তব্য দিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ইতিহাস কখনো মিথ্যা বানোয়াট তথ্যের ওপর টিকে থাকতে পারে না। আগামী প্রজন্মও মিথ্যার ওপর বাংলাদেশ গড়ে তুলতে পারবে না। ৭১ সালের মুক্তিযোদ্ধারা লড়াই করেছিলেন মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য। সাধারণ মানুষই ছিল মুক্তিযুদ্ধের প্রধান শক্তি।”

তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধ এক ব্যক্তির বা এক পরিবারের ইতিহাস নয়। বন্দুকের মুখোমুখি হওয়া, জীবন বাজি রাখার সংগ্রামই ছিল মুক্তিযুদ্ধ। আমরা মরেছি, আবার দোসরদেরও পরাজিত করেছি। বহু মুক্তিযোদ্ধা আহত হয়েছেন, শহীদ হয়েছেন। এ লড়াই সহজ ছিল না।”

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নারায়ণগঞ্জ জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, “আপনারা সমর্থন দিলে আমি নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচনে অংশগ্রহণ করবো।”

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) সৈয়দ মুনিবুর রহমান, সদস্য বীর মুক্তিযোদ্ধা অনিল বরণ রায়, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম খোকনসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >