নারায়ণগঞ্জের ফতুল্লায় ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাব্বির হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে ফতুল্লা থানাধীন চর কাশিপুর এলাকার শামসুল হকের মোড় থেকে ডিগ্রীরচর ঘাটে যাওয়ার রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এএসআই (নিঃ) মো. আব্দুল হামিদ খাঁনের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল চর কাশিপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে শামসুল হকের মোড় থেকে ডিগ্রীরচর ঘাটে যাওয়ার রাস্তায় জনৈক মো. মামুনের অটোরিকশা গ্যারেজের সামনে পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন সাব্বির হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৮২ (বিরাশি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সাব্বির হোসেন ফতুল্লা থানাধীন উত্তর নরসিংপুর এলাকার শামসুল হকের মোড়, লোকমানের বাড়ির বাসিন্দা। তার পিতার নাম মো. সিদ্দিকুর রহমান এবং মাতার নাম মোছা. সালমা বেগম।
পুলিশ জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধে ফতুল্লা মডেল থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা যায়।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।




