নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাইয়ুমপুর সরকার বাড়ির সামনে অবস্থিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পানির পাম্পটি টানা ৯ দিন ধরে বিকল হয়ে পড়ে আছে। ফলে ৫, ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রায় ৫০ হাজার মানুষ চরম পানীয় জল সংকটে মানবেতর জীবনযাপন করছেন। অভিযোগ উঠেছে, বারবার স্মারকলিপি ও আবেদন জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি সিটি কর্পোরেশন।

স্থানীয়দের ভাষ্য, পানির জন্য প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রান্না, গোসল, ওজু থেকে শুরু করে দৈনন্দিন জীবনের মৌলিক প্রয়োজন মেটানোই এখন তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। শিশু, নারী ও বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, পাম্প বিকলের পর সিটি কর্পোরেশন প্রথমে ৩ হাজার লিটার, পরে ৬ হাজার লিটার এবং সর্বশেষ ২১ হাজার লিটার পানি সরবরাহ করেছে। কিন্তু প্রায় ৫০ হাজার মানুষের জন্য এই পানি ‘সমুদ্রের মাঝে এক ফোঁটা পানির’ মতো। এতে সংকট তো দূরের কথা, ন্যূনতম চাহিদাও পূরণ হচ্ছে না।

ক্ষুব্ধ বাসিন্দারা বলছেন, ওয়াসার আওতায় থাকাকালে এমন কোনো সমস্যা দেখা দিলে সাধারণত ২৪ ঘণ্টার মধ্যেই সমাধান হয়ে যেত। অথচ সিটি কর্পোরেশনের অধীনে আসার পর ৯ দিনেও একটি পাম্প মেরামত করতে না পারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম ব্যর্থতা ও অদক্ষতার পরিচয় বহন করে।
স্থানীয়দের প্রশ্ন, একটি পানির পাম্প সংস্কারে যদি ৯ দিন লেগে যায়, তাহলে নগরবাসীর মৌলিক সেবা নিশ্চিত করার সক্ষমতা কোথায়? জনগণের করের টাকায় পরিচালিত প্রতিষ্ঠান হয়েও কেন নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে সিটি কর্পোরেশন?
এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সকল পানির পাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুবায়েরের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে পাম্প বিকলের প্রকৃত কারণ, সংস্কার কার্যক্রমের অগ্রগতি কিংবা কবে নাগাদ সমস্যার সমাধান হবে— এসব বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, আশ্বাস নয়, এখন প্রয়োজন দ্রুত কার্যকর পদক্ষেপ। প্রতিদিন হাজারো পরিবারকে পানির জন্য দুর্ভোগে ফেলে রেখে দায়িত্বশীলদের নীরবতা জনমনে ক্ষোভ আরও বাড়িয়ে তুলছে।
প্রশ্ন এখন একটাই— আর কতদিন তৃষ্ণার্ত থাকবে ফতুল্লার ৫০ হাজার মানুষ? নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টনক নড়বে কবে? কবে নাগাদ ঘুম ভেঙ্গে জাগ্রত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন?





