আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন এবং মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির-এর নির্দেশনায় এবং সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় রবিবার (৭ জুন) এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ড্রেন থেকে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, “বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও এডিস মশার বংশবিস্তার রোধে আগেভাগেই ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা জরুরি। ময়লা-আবর্জনায় ড্রেন বন্ধ হয়ে গেলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং মশার প্রজনন বাড়ে। তাই ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চলবে।”
তিনি আরও বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয় জনগণকে ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার বিষয়ে সচেতন করা হচ্ছে। জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া এ কার্যক্রম শতভাগ সফল করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মশক নিধন কার্যক্রমও জোরদার করা হবে, যাতে বর্ষা মৌসুমে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকি কমানো যায়।








