নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাই মামলার এক আসামিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ছোরা ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এসআই আশীষ কুমার সাহার নেতৃত্বে একটি আভিযানিক দল শনিবার (১৭ মে) দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে অভিযান পরিচালনা করে।
অভিযানে ছিনতাই মামলার আসামি মোঃ সিফাত (৩১)কে ফতুল্লা থানাধীন তুষারধারা তালতলা এলাকার একটি গলি থেকে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লার তিতাস উপজেলার একলা রামপুর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ফতুল্লার তুষারধারা এলাকায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব ইসদাইর রেললাইন সংলগ্ন নূরে আলম সিদ্দিকীর টিনশেড বাসা থেকে নগদ ৪০ হাজার টাকা ও একটি Redmi 10 মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার হেফাজত থেকে কাঠের হাতলযুক্ত সাড়ে ১৪ ইঞ্চি লম্বা একটি ছোরা এবং ছিনতাইয়ে ব্যবহৃত নীল রঙের একটি পালসার মোটরসাইকেল (রেজি: ঢাকা মেট্রো-ল-২৬-৬৪২৪) জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানার অভিযান অব্যাহত থাকবে।






