নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে একটি ছোরা ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেলসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) আশীষ কুমার সাহার নেতৃত্বে একটি আভিযানিক দল শনিবার (১৭ মে) দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন তুষারধারা তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, পূর্ব ইসদাইর রেললাইন সংলগ্ন নূরে আলম সিদ্দিকীর টিনশেড বাসা থেকে নগদ ৪০ হাজার টাকা ও একটি Redmi 10 মোবাইল ফোন ছিনতাইয়ের মামলার আসামি মোঃ সিফাত (৩১) কে তুষারধারা তালতলা এলাকায় হালিমা বেগমের বাড়ির সামনের গলি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সিফাত কুমিল্লা জেলার তিতাস থানার একলা রামপুর (হাজী বাড়ী) এলাকার মৃত জাকির হোসেনের ছেলে। বর্তমানে তিনি ফতুল্লার তুষারধারা এলাকায় বসবাস করতেন।
এসময় তার হেফাজত থেকে একটি কাঠের হাতলযুক্ত সাড়ে ১৪ ইঞ্চি লম্বা ছোরা এবং ছিনতাইয়ে ব্যবহৃত নীল রঙের পালসার মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ল-২৬-৬৪২৪) জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ সকল ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানার অভিযান অব্যাহত থাকবে।






