নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় একটি কর্কশিটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার ২৫ নং ওয়ার্ডের লক্ষণ খোলা মাদ্রাসা স্ট্যান্ড এলাকায় অবস্থিত ওই গোডাউনটিতে বুধবার (৩ ডিসেম্বর) এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই গোডাউনটি থেকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। দাহ্য পদার্থ (কর্কশিট) থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের দুটি ইউনিট নিরলসভাবে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হচ্ছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। এছাড়া আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সে বিষয়েও বিস্তারিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত জানা যাবে।




