নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক-এর তত্ত্বাবধানে এসআই মো. ওয়ালি উল্লাহ ও এসআই মো. শামীম রেজার নেতৃত্বে একটি আভিযানিক দল গত ২২ জুন মিজমিজি দক্ষিণপাড়া সাততলা বিল্ডিং এলাকার সামনে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মো. নাজিম উদ্দিন উজ্জ্বল (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার নয়াগ্রাম মাস্টারবাড়ি এলাকার বাসিন্দা এবং বর্তমানে সোনারগাঁও উপজেলার কাঁচপুর সেনপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও এর অঙ্গসংগঠনের সদস্যরা জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি, সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনা এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে একত্রিত হয়ে মিছিল ও স্লোগান দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় অভিযান চালিয়ে নাজিম উদ্দিন উজ্জ্বলকে আটক করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ এজাহারভুক্ত ৪২ জন এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়।
পুলিশ আরও জানায়, নাজিম উদ্দিন উজ্জ্বলের বিরুদ্ধে পূর্বে মতিঝিল থানা-এ সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় দুটি মামলা রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।



