নারায়ণগঞ্জ । শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় জামাই রানা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে মাসুম হাওলাদার (৩৬) হত্যা মামলায় জড়িত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ রানা ওরফে সোহেল ওরফে অটো রানা ওরফে জামাই রানা (৩০)। তিনি বন্দর থানার নোয়াদ্দা খানকারবাড়ি এলাকার মৃত লিয়াকত হোসেনের ছেলে।

সোমবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল রাশেদ। এর আগে রোববার ফতুল্লার কায়েমপুর ওয়াপদা পুল এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঘটনার বরাতে জানা যায়, ২০২২ সালের ৫ নভেম্বর বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বের হন মাসুম হাওলাদার। দু’দিন পর, ৭ নভেম্বর সকালে বন্দর থানাধীন কুশিয়ারি এলাকার চণ্ডীতলা কবরস্থানের পূর্ব পাশের একটি খালের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী শিরিন বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পিবিআই জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি রানা হত্যাকাণ্ডে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। পরে আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।

পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানান, “হত্যা মামলার পলাতক অন্যান্য আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >