বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরের সোনাকান্দাস্থ ঐতিহ্যবাহী ‘বাংলাদেশ নৌবাহিনী ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উচ্চ বিদ্যালয়ের দুই কৃতি শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসামান্য সাফল্য অর্জন করেছে।
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বিদ্যালয়টির ছাত্র মেহেদী হাসান ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) এবং ছাত্রী ফাতেমা সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। তাদের এই গৌরবময় সাফল্যে বিদ্যালয় প্রাঙ্গণ ও পরিবারে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
শিক্ষার্থীদের এই কৃতিত্বে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং অভিভাবকরা। তারা কৃতি ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জানান, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে। আগামীতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।





