নারায়ণগঞ্জ । শনিবার
১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে কুড়াল দিয়ে ১০ শিক্ষার্থীর মোবাইল ভাঙল শিক্ষক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদীর রামচন্দ্রদী হাফিজিয়া মাদরাসায় শিক্ষার্থীদের লুকিয়ে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে অন্তত ১০টি মোবাইল ভেঙে ফেলার ঘটনা ঘটে। মাদরাসার একাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিতিতে রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মাদরাসা প্রাঙ্গণে প্রধান শিক্ষক হাফেজ ওয়ালিউল্যাহ কুড়াল দিয়ে মোবাইলগুলো ভাঙেন। এ ঘটনার ভিডিও ধারণ করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক হাফেজ ওয়ালিউল্যাহ বলেন, মাদরাসার নিয়ম অনুযায়ী কোনো শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। কেউ মোবাইলসহ ধরা পড়লে তা ভেঙে ফেলা এবং শিক্ষার্থীকে বহিষ্কারের বিধান রয়েছে। ভর্তির সময়ই এই নিয়ম অভিভাবকদের স্পষ্টভাবে জানানো হয়।

তিনি জানান, এর আগেও কয়েক দফা শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল জব্দ করা হয়েছিল। তখন অভিভাবকদের জানালে তারা মোবাইল ভেঙে ফেলার সম্মতি দেন।

তবে স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক মাদরাসার প্রতিষ্ঠাতা সাবেক আওয়ামী লীগ নেতা ও গোপালদী পৌরসভার সাবেক মেয়র হালিম সিকদারের আত্মীয় হওয়ায় ক্ষমতার দম্ভে এমন কাজটি করেছেন।

মাদরাসার সভাপতি মো. মুছা মিয়া বলেন, বিষয়টি নিয়ে তিনি মাদরাসার প্রধানের সঙ্গে কথা বলেছেন। তিনি রেজুলেশন অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন বলে জানিয়েছেন। এ ঘটনা পর্যালোচনার জন্য আগামী শনিবার একটি সভা ডাকা হয়েছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান বলেন, আমি এই ঘটনা সম্পর্কে অবহিত না। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >