নারায়ণগঞ্জ-২, আসন আড়াইহাজারে বিএনপির ঘোষিত প্রাথমিক মনোনয়ন বাতিলের দাবীতে তিন মনোনয়ন বঞ্চিত প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকরা রবিবার (২৩ নভেম্বর) বিকালে বিক্ষোভ করেছেন।
স্থানীয় দলীয় কার্যালয় থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশ গ্রহণে মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন। এসময় বিক্ষোভকারীরা বিএনপির (ঢাকা-বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে দেয়া প্রাথমিক মনোনয়ন বাতিলের জোর দাবী করেন।
দলটির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকেই এই আসনে মনোনয়ন বঞ্চিতদের নেতাকর্মী ও সমর্থকরা ক্ষোভে ফুঁসে ওঠতে শুরু করেন। তবে নেতাকর্মীদের দাবি শান্তিপূর্ণ পরিবেশে তারা বিভিন্ন কর্মসূচির পালন করে দলটির হাইকমান্ডের কাছে মনোনয়ন বাতিলের দাবী করে আসছেন। এরই ধারাবাহিকতায় হাজার হাজার নেতাকর্মীর অংশ গ্রহণে বিক্ষোভ করা হয়। বিক্ষোভ মিছিলটি এক পর্যায়ে জনসমুদ্রে রুপ নেয়।

এই আসনটিতে নজরুল ইসলাম আজাদ ছাড়াও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সাবেক তিনবারের সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর এবং মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার দল থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন।
উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিরজুল হাসান নয়ন মোল্লা বলেন, দল থেকে নজরুল ইসলাম আজাদকে প্রাথমিক মনেনয়ন দেয়ার পর থেকে দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আগামী নির্বাচনে বিজয়ী হতে হলে এই মনোনয়ন বাতিল করতে হবে। অন্যথায় এই আসনে বিএনপির ভরাডুবি হবে।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি জহির বলেন, দল থেকে নজরুল ইসলাম আজাদকে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে; আড়াইহাজারের জনগণ তাকে মেনে নেয়নি। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। দলের হাইকমান্ড বলেছেন এই মনোনয়ন চূড়ান্ত মনোনয়ন নয়। তাই আমরা দলীয় মনোনয়ন মাহমুদুর রহমান সুমন, আতাউর রহমান আঙ্গুর ও পারভীন আক্তারের মধ্যে যে কাউকে দেয়ার জোর দাবী জানাচ্ছি।
নারায়ণঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ছালাউদ্দিন মোল্লা বলেন, দলের প্রতি সম্মান রেখে আমি বলতে চাই, দল থেকে একজন বির্তকিত ব্যক্তি (আজাদ) কে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে। তার মনোনয়ন বাতিল করতে হবে। দলীয় নেতাকর্মীরা তাকে মেনে নেয়নি; মেনে নিবেনা। দলের ভাবমূর্তি ফেরাতে তার মনোনয়ন বাতিল করতে হবে।
উপজেলা শ্রমিক দলের সভাপতি সিরাজ বলেন, যাকে দল থেকে প্রাথমিক মনোয়ন দিয়েছেন। তার মনোনয়ন বাতিল করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে দলের প্রার্থীকে জয়ী করতে হলে এই আসনে সুমন, আঙ্গুর অথবা পারভীনকে মনোনয়ন দিতে হবে বলে তিনি দাবী করেন।
বিক্ষোভ মিছিলে অংশ নেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আজগর, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শহীদ উল্যাহ মিয়া, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছালাউদ্দিন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিরজুল হাসান নয়ন মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক শব্দর আলী, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আজিজুল হক, আড়াইহাজার পৌরসভা বিএনপির আহবায়ক রুপচান মিয়া ও উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য পিয়ারা বেগমসহ হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক।





