নারায়ণগঞ্জ । বুধবার
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে শব্দ দূষণ রোধে সচেতনতা র‍্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। তিনি বলেন, শব্দ দূষণ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে এবং আইন মেনে চলতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ এ এফ এম মুশতাকুর রহমান। তিনি শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেল। সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে শব্দ দূষণের কারণ, প্রভাব ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন সহকারী পরিচালক মোঃ মোবারক হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পরিচালক মোঃ রাসেল মাহমুদ। এতে বিভিন্ন পেশাজীবী, শ্রমিক ও পরিবহন চালকরা অংশ নেন।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >