নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৫২৫ গ্রাম গাঁজাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে এসআই (নিঃ) কাজী ফেরদাউস ও তাঁর সঙ্গীয় ফোর্স অংশ নেন।
গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে ফতুল্লা থানার মাসদাইর এলাকায় বোয়ালিয়া খাল রোড ওয়াসার মাঠের সামনে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
মো. নাজমুল (২৫), হৃদয় (২২), মো. নাহিদ (২৪), রাফি (২১) এবং আল আমিন (২২)। তাদের মধ্যে কয়েকজন ভাসমান অবস্থায় ফতুল্লার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে নাজমুলের কাছ থেকে ১৫০ গ্রাম, হৃদয়ের কাছ থেকে ১০০ গ্রাম, নাহিদের কাছ থেকে ৫০ গ্রাম, রাফির কাছ থেকে ১২৫ গ্রাম এবং আল আমিনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মোট উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ৫২৫ গ্রাম।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং-৭৬, তারিখ: ২৯ এপ্রিল ২০২৬) দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।







