নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩০০ ফিটে "সিনেমাটিক ডাকাতি"
রাতের আতঙ্ক, ডাকাত চক্রের সামির গ্যাং গ্রেপ্তার

ঢাকার ৩০০ ফিট এলাকায় সাম্প্রতিক সময়ে আলোচিত ‘সিনেমাটিক স্টাইলে’ অস্ত্র ঠেকিয়ে বাইক ছিনতাইসহ বিভিন্ন ডাকাতির ঘটনায় জড়িত সামির-তৈয়ব-রানা গ্রুপের চার সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গ্রেফতারদের কাছ থেকে একটি ডামি রিভলভার ও চারটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, গোয়েন্দা নজরদারি ও নির্ভুল তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগরের একটি দল ১৮ নভেম্বর রাত ১০ টা ২০ মিনিটে রাজধানীর বাড্ডা থানায় বিশেষ অভিযান চালায়। এ সময় ৩০০ ফিটে সক্রিয় এই সংঘবদ্ধ ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সানি আহম্মেদ সামির (২১), রংপুর, মো. ইমন (২২), নেত্রকোনা , মো. রিশাদ (২৩), রংপুর এবং মো. আরিফ হোসেন (২২), বরিশাল

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্লগার জিক্সার জিসানের ওপর ‘সিনেমাটিক স্টাইলে’ বাইক ডাকাতির ভিডিও ভাইরাল হলে পুরো দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। ঘটনার পর র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং তথ্য-উপাত্ত সংগ্রহ করে এই চক্রকে শনাক্ত করে।

র‍্যাব জানায়, ৩০০ ফিট এলাকায় প্রতিনিয়ত ডাকাতি করে আসা এই গ্রুপটি অস্ত্র কেনার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে তথ্য পেয়ে র‍্যাব তাদের অবস্থান নির্ণয় করে অভিযান পরিচালনা করে এবং গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >