নারায়ণগঞ্জ আড়াইহাজারে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বুধবার (১২ নভেম্বর) রাতে উপজেলার চৌরাস্তা পায়রা চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। তার নাম মোবারক হোসেন (৫০)।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক মোবারক নরসিংদী জেলার মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের নোয়াকান্দি গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বুধবার রাতে ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের আড়াইহাজার উপজেলার প্রবেশ পথ চৌরাস্তায় পায়রা চত্বর এলাকায় পর পর তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছোটাছুটি করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের এসে মোবারক নামে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন, মোবারক ককটেল বিস্ফোরণের সময় দৌড় দিয়েছিল। তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।






