নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে মিলন-সাজিদ গ্রুপের তিন সদস্যকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে গত ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত সাড়ে ৯টার দিকে ডিবি ক-জোনের একটি চৌকশ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলো— রকি সরকার @ নাঈম (২৫), পিতা- সায়েম সরকার, স্থায়ী সাং- ব্রজপুর, থানা-আত্রাই, জেলা-নওগাঁ, এ/পি- শান্তিধারা ১নং রোডস্থ নজরুল ইসলামের টিনসেট বাসার ভাড়াটিয়া, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ; আজমান @ লেম্বর (২৫), পিতা- সাহাবুল, স্থায়ী সাং- আসনপুর, থানা-মিঠামইন, জেলা-কিশোরগঞ্জ, এ/পি- শান্তিধারা ২নং রোডস্থ পানির পাম্পের পাশে ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ এবং রায়হান (২৩), পিতা-সাইদুর রহমান, স্থায়ী সাং- সুতারপাড়া, থানা-করিমগঞ্জ, এ/পি- শান্তিধারা ১নং রোডস্থ নজরুল ইসলামের টিনসেট বাসার ভাড়াটিয়া, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ।
ডিবি সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা গত ১৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে সাইনবোর্ড এলাকায় প্রতিপক্ষ সন্ত্রাসী মানিক গ্রুপের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ানোর কথা স্বীকার করে। এছাড়া মিলন-সাজিদ ও শান্ত দের নেতৃত্বে অস্ত্রশস্ত্রসহ একত্রিত হয়ে সন্ত্রাসী কার্যক্রম ও ডাকাতির প্রস্তুতি নেওয়ার কথাও তারা স্বীকার করেছে বলে জানায় ডিবি।
এ ঘটনায় এসআই রুবেল মিয়া বাদী হয়ে গ্রেফতার ও পলাতক সন্ত্রাসীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় এজাহার দায়ের করেন। পরে ফতুল্লা মডেল থানায় মামলা নং-৭৭, তারিখ-২৪/০৮/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোডে মামলা রুজু করা হয়।
গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে— ৬টি রাম দা, ৩টি তলোয়ার, ২টি ছুরি, ১টি সুইচ গিয়ার, সাইকেলের স্পোক দিয়ে তৈরি ২টি কুড়াল এবং ২টি এসএস পাইপ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




