নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বজ্রপাতে আবু ছিদ্দিক (৪০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের তাতুয়াকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত আবু ছিদ্দিক ওই গ্রামের মৃত আছমত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বিকেলে নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন আবু ছিদ্দিক। এসময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।







