নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) দুপুরে অভিযান চালিয়ে গাউছিয়া ফ্লাইওভার এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাল্লা রোড এলাকায় মো. ফয়েজ আহাম্মদ (৪৬) ও তার স্ত্রী অটোরিকশাযোগে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন। এসময় ঢাকা মেট্রো-গ-৩৪-৮৩০৮ নম্বরের একটি সাদা প্রাইভেটকারে আসা দুষ্কৃতিকারীরা তাদের অটোরিকশার গতিরোধ করে ফয়েজ আহাম্মদের স্ত্রীর হাত থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে বিষয়টি তাৎক্ষণিকভাবে আড়াইহাজার থানা পুলিশকে অবগত করা হয়। পরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই মাহাবুর রহমান মামুন সঙ্গীয় ফোর্স ও স্থানীয় জনতার সহায়তায় গাউছিয়া ফ্লাইওভার এলাকায় ব্যারিকেড দিয়ে প্রাইভেটকারসহ দুইজনকে আটক করেন। গ্রেফতারকৃতরা হলেন বাদশা মিয়া দেওয়ান (৫৪) ও মো. ফারুক (৪৫)। তাদের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর উপজেলার বগুলা পাড়া এলাকায়।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বাদশা মিয়া দেওয়ানের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও ছিনতাইসহ মোট ১০টি মামলা রয়েছে। এছাড়া মো. ফারুকের বিরুদ্ধে রয়েছে আরও তিনটি মামলা।
এ ঘটনায় আড়াইহাজার থানায় পেনাল কোডের ৩৯৪ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।







