ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন নারায়ণগঞ্জের রাজনীতিতে ‘কিং মেকার’ খ্যাত বিএনপির সাবেক সংসদ সদস্য, এফ.বি.সি.সি.আই-এর সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র দাখিল শেষে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, “এই নির্বাচন বাংলার মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ ধাপ। একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশ, মাটি ও মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখতে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। ইনশাআল্লাহ, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে সামনের দিনগুলোতে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সকল বিধিনিষেধ মেনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে। “কোনো ধরনের শোডাউন, সহিংসতা কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ডে আমরা জড়াবো না। নির্বাচনী আচরণবিধি মেনে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।
মনোনয়ন দাখিলের সময় জেলা ও বিভিন্ন উপজেলার অসংখ্য মুক্তিযোদ্ধা, রাজনৈতিক সহকর্মী এবং নারায়ণগঞ্জ-৪ আসনের বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে মনোনয়ন জমা দেওয়ার পুরো কার্যক্রম ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও উৎসবমুখর।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিজ্ঞ রাজনীতিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মোহাম্মদ আলীর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। এখন অপেক্ষা—এই ‘কিং মেকার’ কতটা প্রভাব ফেলতে পারেন ভোটের মাঠে।




