নারায়ণগঞ্জ । শুক্রবার
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইস্পাত কঠিন ঐক্য চাই : জেলা প্রশাসক

জুলাই অভ্যুত্থানে তারুণ্যের অদম্য সাহস, ছাত্র-জনতার অপ্রতিরোধ্য আন্দোলন ও দেশপ্রেমে বীর শহীদদের আত্মত্যাগের এক ভয়ঙ্কর বিস্ফোরণের মধ্যদিয়ে মহাকাব্য রচিত হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। চব্বিশের এই গণঅভুত্থানকে কেবল রাজনৈতিক পরিবর্তনই নয় বরং একটি স্বৈরাচারের পরিবর্তন হিসেবেও দেখছেন তিনি।


পাশাপাশি পতিত আওয়ামী লীগ সরকার কর্তৃক দীর্ঘ দেড় দশকের নানা নিপীড়ন ও জুলুম-নির্যাতনের বিরুদ্ধে চব্বিশের জুলাইয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে প্রতিরোধের দেয়াল গড়ে তোলা হয়েছিল বলে মন্তব্য করে সেই ঐক্য ধরে রাখার আহবান জানিয়েছেন জাহিদুল ইসলাম মিঞা।


তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের সেই ঐক্য যদি না থাকে, তাহলে আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের কাছে আমরা কি জবাব দিবো! তাই নতুন বাংলাদেশ গড়তে সকলের মাঝে ইস্পাত কঠিন ঐক্য চাই।’


‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত শহীদ পরিবারের সদস্যদের নিয়ে সম্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম মিঞা এসব কথা বলেন।


‎মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মিলন অনুষ্ঠিত হয়। মহাগ্রন্থ পবিত্র আল-কোরআন থেকে তেলাওয়াত ও বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে শহীদ পরিবারগুলোর সদস্য ও আন্দোলনকারীরা ‘২৪ জুলাইয়ের’ স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন।


পরে প্রধান অতিথির বক্তব্যে এসকল অভিমত ও মন্তব্য ছাড়াও জেলা প্রশাসক বলেন, ‘১৯৫২, ১৯৭১, ১৯৮৯ ও সর্বশেষ ২০২৪ সালে আমাদের রক্ত ঝরেছে। আর কত রক্ত ঝরবে? আর কত মায়ের বুক খালি হবে? আমরা সেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই যা ছিলো আমাদের শহীদ ভাইদের কাঙ্ক্ষিত চাওয়া।’


বক্তব্য শেষে শহীদ পরিবারের মাঝে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করেন জেলা প্রশাসক সহ অন্যান্য অতিথিবৃন্দ। এর আগে নারায়ণগঞ্জে নির্মান হওয়া দেশের সর্বপ্রথম ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ সকল সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ও বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


পরে জুলাই অভ্যুত্থানে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন নারায়ণগঞ্জ কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা হাসানুজ্জামান।


এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসেন, সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা জামায়াতের সাবেক আমীর মাইনুদ্দিন আহমেদ, মহানগর জামায়াতের আমীর আব্দুল জব্বার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >