নারায়ণগঞ্জ । রবিবার
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হার্ট স্ট্রোকে হাসপাতালে ভর্তি জাসাস নেতা আনিসুল ইসলাম সানি

হঠাৎ গুরুতর অসুস্থতায় নারায়ণগঞ্জবাসীকে গভীর উদ্বেগে ফেলে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি। আজ দুপুরে তিনি আকস্মিকভাবে হার্ট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটে তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা ও শারীরিক অসুস্থতা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে পরিস্থিতির অবনতি হলে স্বজন ও সহকর্মীরা দ্রুত তাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি চিকিৎসা শেষে তাকে নিবিড় পর্যবেক্ষণে (CCU) রাখা হয়েছে। চিকিৎসকরা তার অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।

তার হঠাৎ অসুস্থতার খবরে পরিবার-পরিজনের পাশাপাশি সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও অসংখ্য শুভানুধ্যায়ীর মধ্যে নেমে এসেছে গভীর উৎকণ্ঠা। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয় এই নেতার অসুস্থতার সংবাদ মুহূর্তেই নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে।

আনিসুল ইসলাম সানি নারায়ণগঞ্জের রাজনীতিতে একজন পরিচিত ও সক্রিয় মুখ। জাসাসের কেন্দ্রীয় নেতৃত্বে থেকে তিনি সাংস্কৃতিক আন্দোলন ও গণতান্ত্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একই সঙ্গে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে তার অবদান উল্লেখযোগ্য। নেতাকর্মীদের কাছে তিনি একজন কর্মীবান্ধব ও আপসহীন রাজনৈতিক সংগঠক হিসেবে পরিচিত।

তার অসুস্থতার খবরে জাসাস ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান এবং চিকিৎসার খোঁজখবর নেন। রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে এক ধরনের শোকাবহ নীরবতা ও উদ্বেগপূর্ণ পরিবেশ।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কঠিন সময়ে নারায়ণগঞ্জ জেলা সহ সারাদেশের মানুষের কাছে আনিসুল ইসলাম সানির দ্রুত সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করা হচ্ছে। মহান আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন—এই প্রার্থনাই আজ পরিবার ও শুভানুধ্যায়ীদের কণ্ঠে কণ্ঠে উচ্চারিত হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ও জাসাসের নেতাকর্মী, সহকর্মী সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ মানুষ একযোগে দোয়া, সমবেদনা ও ভালোবাসার বার্তা প্রকাশ করছেন। অনেকেই তার সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

নগরবাসী আশা প্রকাশ করছেন, চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টায় ও সবার দোয়ায় শিগগিরই তিনি সুস্থ হয়ে আবারও সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে ফিরে আসবেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >