বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর সভাপতি মুহাম্মদ হাতেমকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে অশোভনীয় আচরণ করেছে ছাত্রদলের কতিপয় নেতাকর্মী। নারায়ণগঞ্জে সরকারি তোলারাম কলেজের একটি উদ্যোক্তা সম্মেলন চলাকালে কলেজ শাখা ছাত্রদলের কিছু নেতাকর্মী বিশৃঙ্খল পরিবেশ তৈরী ও ব্যবসায়ী নেতা হাতেমের সাথে দূর্ব্যবহার করে তাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করেন। এই ঘটনায় নারায়ণগঞ্জসহ সর্বত্রই আলোচনা-সমালোচনা চলছে।
দূর্ব্যবহারের শিকার ভুক্তভোগী হাতেম এই অপ্রত্যাশিত ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করে সময় নারায়ণগঞ্জকে জানিয়েছেন, ‘বিগত দিনে তার কাছ থেকে স্বার্থ হাসিলের চেষ্টা করেও যারা ব্যর্থ হয়েছিলেন, তারাই সন্তান সমতূল্য এই ছাত্রদল নেতাকর্মীদের ব্যবহার করে এমন অপমান জনক ও বিশৃঙ্খল ঘটনা ঘটিয়েছে।’
হাতেম আরো বলেন, ‘আমাকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোসর বলা হলো। অথচ, আওয়ামী লীগের সময়ে আমি নিজেই বৈষম্যের শিকার হয়েছি। আওয়ামী লীগের আমলেই আমাকে বারংবার বঞ্চিত করা হয়েছে। আমি সভাপতি হতে চাইলেও তা পারিনি। তৎকালিন সময়ের সাবেক এমপি সেলিম ওসমান আমাকে সভাপতি হতে দেয়নি। আওয়ামী লীগের সময়ে বঞ্চিত হয়েছি। আমি যদি আওয়ামী লীগ করতাম বা তাদের দোসরই হতাম, তাহলে তখনই আমাকে সভাপতি করা হতো।’
এক প্রশ্নের জবাবে মোহাম্মদ হাতেম বলেন, ‘কিছুদিন আগেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ও আমীর খসরু মোহাম্মদ চৌধুরী সাহেব সহ বিএনপির নীতি-নির্ধারক পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ আমার সাথে এক টেবিলে বসে বৈঠক করেছেন। আমি যদি শেখ হাসিনা এবং ফ্যাসিস্টের দোসরই হয়ে থাকি, তাহলে তারা আমার সাথে বৈঠক করলো কিভাবে! যেখানে বিএনপির নীতি-নির্ধারক পর্যায়ের নেতৃবৃন্দ আমার সাথে একই টেবিলে বসতে পারে, সেখানে এই তৃণমূল নেতারা কিভাবে এমন মন্তব্য করতে পারে। আমি তো কোনো দলের লোক নই। আমি একজন ব্যবসায়ী এবং নীটিং শিল্প ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএর সভাপতি। এটাতো কোনো রাজনৈতিক দলের সংগঠন নয়।’

পরিশেষে মোহাম্মদ হাতেম বলেন, ‘আমি মনে করি যে, বিগত দিনে যারা আমার কাছ থেকে নানা ভাবে স্বার্থ হাসিলের চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলো, তারাই এসব বাচ্চা ছেলেদেরকে দিয়ে এধরনের একটি বিশৃঙ্খল ঘটনা ঘটিয়েছে। আমি উপর ওয়ালার হাতেই সব ছেড়ে দিয়েছি। আল্লাহই সর্বোত্তম বিচারক।’
উল্লেখ্য, দেশের তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এর উদ্যোগে নারায়ণগঞ্জের বিশ্ববিদ্যালয় ও কলেজ গুলোত অধ্যয়নরত পাস কোর্স, অর্নাস, মাস্টার্স এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে উদ্যোক্তা সম্মেলন-২০২৫ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার ১১ নভেম্বর দুপুর ১টায় সরকারি তোলারাম কলেজে অনুষ্ঠিত এই সম্মেলনে একজন ব্যবসায়ী নেতা হিসেবে অতিথি করা হয় বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেমকে। যথা সময়ে তিনি সম্মেলনস্থলে অংশগ্রহণ করেন। তবে সম্মেলন চলাকালে তোলারাম কলেজ শাখা ছাত্রদলের কতিপয় নেতাকর্মী সেখানে আচমকা উপস্থিত হয়ে মোহাম্মদ হাতেমকে শেখ হাসিনা ও ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে শোরগোল করাসহ রাগ-ক্ষোভ এবং তোপের মুখে ফেলে তাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা পুরো উদ্যোক্তা সম্মেলনটিই বন্ধ করে দেয়।







