‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মানব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ র্যালিতে সংগঠনের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া ও মহাসচিব মো. নিজাম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও কর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। বিশেষ করে বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা ও আশপাশের এলাকায় জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নিয়মিত নজর দিতে হবে। ব্যক্তি পর্যায়ে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
র্যালিতে অংশগ্রহণকারীরা ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ স্লোগানের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
মানব কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করতে সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।





