দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৬, ০২:৫৮ পিএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পদ্মা অয়েল ডিপোর কর্মকর্তাদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় ফয়সালকে (নাসিক) ৬নং ওয়ার্ডের তার নিজ বাসা থেকে ডিবি পুলিশ গ্রেফতার করেছেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান বলেন, ফয়সাল বর্তমানে আমাদের ডিবি হেফাজতে রয়েছে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-অপারেশন) তারেক আল মেহদী বলেন, দুপুরে একটি চাঁদাবাজির মামলায় আসামির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত গ্রেফতারকৃত নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল সিদ্ধিরগঞ্জ অবস্থিত পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মীদের কাছে এককালীন ২০ লাখ টাকা ও প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে রয়েছে। একই সাথে দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গ্রেফতারকৃত ওই কর্মকর্তাদের ভয়ভীতি ও খুন-জখমের হুমকি দেন। এরপর বিভিন্ন সময়েও ফোন করে একইভাবে চাঁদা দাবি ও হুমকি দেওয়া হয় বলে মামলায় দাবি করা হয়েছে।





