নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জ চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে ধিমন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় শ্রী শুভ চন্দ্র দাস (৩০) হত্যা মামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ সাকিব সরকার দিমুন ওরফে ধিমন (২৩) নামে আরও এক আসামিকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী সদর থানার শিলমান্দী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১টার দিকে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ হকার্স মার্কেটের পেছনে দুর্গামলের সামনে সড়ক থেকে শ্রী শুভ চন্দ্র দাসের গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। নিহত শুভ চন্দ্র দাস নারায়ণগঞ্জ সদর থানার গলাচিপা এলাকার শ্রী হরি চন্দ দাসের ছেলে।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি সদর মডেল থানার মামলা নম্বর-০৮, তারিখ-৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ; এতে পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ও চাঞ্চল্যকর হওয়ায় নারায়ণগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশে এবং জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে ডিবির একটি বিশেষ দল তদন্ত শুরু করে।

তদন্তের ধারাবাহিকতায় ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করে পুলিশ। একই সঙ্গে ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দুজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অপর আসামি সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ আরও জানায়, রিমান্ডে থাকা সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া গ্রেপ্তার ও আটক আসামিদের দেওয়া তথ্য এবং ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় ধিমনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে তদন্তকারী কর্মকর্তারা জানান।

এরই ধারাবাহিকতায় ডিবির তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম, পিপিএমের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে নরসিংদী সদর থানাধীন শিলমান্দী এলাকা থেকে মোঃ সাকিব সরকার দিমুন ওরফে ধিমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ধিমন নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ (পাঠানতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত পাশে) এলাকার নাদির সরকারের ছেলে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামি ধিমনের কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাকে মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ বলছে, শুভ চন্দ্র দাস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত, হত্যার প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য তথ্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >