নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
গত বছরের ২৯ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মিজানুর রহমান মুন্সী। দায়িত্ব গ্রহণের প্রায় ৯ মাসের মাথায় তাকে হাইওয়ে পুলিশে বদলি করা হলো।
কুমিল্লা জেলার বাসিন্দা মিজানুর রহমান মুন্সী ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনের শুরুতে তিনি কক্সবাজার জেলা পুলিশের উখিয়া সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান ও কিশোর গ্যাং দমনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন তিনি।








