নারায়ণগঞ্জ ।
,

না’গঞ্জে বিভাগীয় কমিশনারের দিনব্যাপী পরিদর্শন

জনসেবার মান বৃদ্ধি ও সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা গতকাল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় দিনব্যাপী গুরুত্বপূর্ণ পরিদর্শন সম্পন্ন করেছেন। পরিদর্শনকালে তিনি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এবং মাঠপর্যায়ের কর্মকর্তা ও সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

​দিনের শুরুতে বিভাগীয় কমিশনার সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদ ও সাদিপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। এসময় তিনি ইউনিয়ন পরিষদের পাশের সড়কে পানি নিষ্কাশন পাইপ ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি সেখানে উপস্থিত সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে নাগরিক সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন।

​এরপর তিনি সোনারগাঁ উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে দেখেন এবং দ্রুত ও মানসম্পন্নভাবে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

​পরিদর্শনের দ্বিতীয় পর্বে তিনি সোনারগাঁ পৌরসভা কার্যালয়ে যান। পৌরসভা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে একটি গাছের চারা রোপণ করেন তিনি। পরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করে দাপ্তরিক নথিপত্র ও সেবা প্রদান কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

​এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও জনপ্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার বলেন, ​“সরকারের গৃহীত সকল উন্নয়ন কার্যক্রম সততা ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে। জনগণ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত সেবা পায়, সেটিই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য।”

​সভা শেষে তিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপস্থিত প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।

​দিনের শেষভাগে তিনি বৈদ্যেরবাজার ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। সেখানে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে ভূমিসেবা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি বা জটিলতা আছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেন এবং দ্রুত সেবা প্রদানে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

​জনসেবার মানোন্নয়নে বিভাগীয় কমিশনারের এই মাঠপর্যায়ের পরিদর্শন স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের মাঝে নতুন উদ্যম ও কর্মচাঞ্চল্যের সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

​এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >