নারায়ণগঞ্জে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে জেলা পর্যায়ে এক সেনসিটাইজেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট।
অনুষ্ঠানে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা মানব পাচার ও চোরাচালানের ঝুঁকি, প্রতিরোধমূলক ব্যবস্থা, আইনি কাঠামো এবং জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি এ ধরনের অপরাধ দমনে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, তথ্য আদান-প্রদান এবং স্থানীয় পর্যায়ে কার্যকর নজরদারি নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে এ বিষয়ে সকল অংশীজনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।







