রাজধানীর আদাবরে একটি ছিনতাইয়ের ঘটনার পর অপরাধীদের ধরতে গিয়ে ছিনতাইকারীদের চাপাতির আঘাতে দুই পুলিশ কর্মকর্তা জখম হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় পুলিশ অভিযান চালানোর সময় এই হামলার ঘটনা ঘটে। ছিনতাইকারীদের এই আকস্মিক হামলায় আহত হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এবং উপ-পরিদর্শক (এসআই) তরুণ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আদাবরের একটি দোকানে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ঘটনার সূত্র ধরেই দুপুরে ডেল্টা গার্মেন্টসের পেছনে অপরাধীদের গোপন আস্তানায় অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে ছিনতাইকারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাদের চাপাতির আঘাতে ওসি ও এসআই জখম হন।
উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা গুলি ছুড়লে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। এ অভিযানের পর ঘটনাস্থল থেকে মোট চারজন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।





