নারায়ণগঞ্জ, ১০ জুন: শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” প্রতিপাদ্য এবং “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প (৩য় সংশোধিত)”-এর আওতায় আয়োজিত কর্মশালায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআরটিএ প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা শব্দদূষণের ক্ষতিকর প্রভাব, প্রচলিত আইন ও বিধিমালা এবং তা বাস্তবায়নে পুলিশ ও সরকারি কর্মকর্তাদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করেন। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে শব্দদূষণের উৎস, পরিবেশ ও মানবস্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রভাব এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২৫-এর গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব তাসমিন আক্তার, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব সোহেল রানা; বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি.) জনাব মো. মাহবুবুর রহমান; সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এ কে এম মেহেদী হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।








