বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকীর দুই সহযোগীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আসামিরা হলেন মো. মহিদুল ইসলাম (৪২) ও মো. চান মিয়া (৪৬)। তাদের মধ্যে একজন তারিক সিদ্দিকীর ড্রাইভার এবং অন্যজন কেয়ারটেকার।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি হারুন-অর-রশীদ।
গত ১৯ এপ্রিল মহিদুল ইসলামকে ঠাকুরগাঁও থেকে এবং চান মিয়াকে ঢাকার ভাষানটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের লক্ষ্যে ছাত্র-জনতার ওপর দমনপীড়ন, মারধর ও হত্যাচেষ্টার উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন এলাকায় আন্দোলনবিরোধী পক্ষের কাছে তারিক সিদ্দিকীর পক্ষ থেকে অর্থ, অস্ত্র ও গোলাবারুদ পৌঁছে দিতেন বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা এ মামলার এজাহারভুক্ত আসামি শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ঊর্ধ্বতন নেতাদের নির্দেশনা তারিক সিদ্দিকীর মাধ্যমে পেয়ে তা বাস্তবায়নে ভূমিকা রাখতেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই নিউমার্কেট এলাকার ১ নম্বর গেটের সামনে শান্তিপূর্ণ মিছিলে পরিকল্পিতভাবে দেশীয় ও বিদেশি অস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ ও হামলা চালানো হয়। এ ঘটনায় আব্দুল ওয়াদুদ (৪৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হন।





