নারায়ণগঞ্জ । মঙ্গলবার
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনদুপুরে ডিপিডিসির ভূগর্ভস্থ লাইনের কেবল চুরি

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি (ডিপিডিসি)-এর ভূগর্ভস্থ ফিডার লাইনের ডেড কেবল চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা সাবস্টেশনের নির্বাহী প্রকৌশলী এ এইচ এম তারেক তুষার।

এ ঘটনায় স্থানীয় বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে সরকারি এ মূল্যবান সম্পদ চুরির অভিযোগ উঠেছে। তবে বিষয়টি প্রকাশ্যে আসার পরও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯ মাস ধরে একটি চক্র ভেকু দিয়ে মাটি খুঁড়ে কোটি টাকা ব্যয়ে স্থাপিত ডেড কেবল তুলে নিয়ে যাচ্ছে। কখনো গভীর রাতে, আবার কখনো দিনের আলোতেও প্রকাশ্যে এই চুরি সংঘটিত হচ্ছে। আরিফ মণ্ডলের নেতৃত্বে একটি সিন্ডিকেট এ কাজে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার সঙ্গে স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতাকর্মীর সংশ্লিষ্টতার কথাও বলছে এলাকাবাসী।

জানা গেছে, ২০২১ সালের ১ জানুয়ারি মুন্সীগঞ্জ-পঞ্চবটি দ্বিতীয় সড়কের নির্মাণকাজ শুরু হলে খোঁড়াখুঁড়ির সময় কেবলগুলো দৃশ্যমান হয়। পরবর্তীতে ২০২৫ সালের জুন থেকে কাশীপুর ইউনিয়নের কয়েকজন ব্যক্তি ভেকু ব্যবহার করে এসব ডেড কেবল উত্তোলন শুরু করেন। শুরুতে কেবল বিক্রির অর্থ ভাগাভাগি নিয়ে চক্রের ভেতরে দ্বন্দ্বের ঘটনাও ঘটে।

পরে একটি সুসংগঠিত সিন্ডিকেট গড়ে ওঠে, যারা নিয়মিত কেবল তুলে বিক্রি করছে বলে অভিযোগ।স্থানীয়দের দাবি, প্রশাসনের কিছু অসাধু ব্যক্তিকে ম্যানেজ করেই এই চুরি চালানো হচ্ছে। বিষয়টি বিভিন্ন মাধ্যমে প্রকাশ পেলেও দৃশ্যমান কোনো অভিযান না হওয়ায় রহস্য আরো ঘনীভূত হয়েছে।

ফতুল্লা সাবস্টেশনের নির্বাহী প্রকৌশলী এ এইচ এম তারেক তুষার বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে লোক পাঠিয়ে কেবল চুরির সত্যতা পাওয়া গেছে। তবে চক্রটি সংঘবদ্ধ হওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, আমাদের লোকজন ছবি তুলতে গেলে তাদের বাধা দেওয়া হয় এবং মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

তিনি আরো জানান, ডেড কেবল কাটতে গিয়ে সচল বিদ্যুৎ লাইনের ক্ষতিও করা হচ্ছে, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, আমি সম্প্রতি যোগ দিয়েছি। বিষয়টি সম্পর্কে অবগত নই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >