নারায়ণগঞ্জ । রবিবার
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের বন্দর ঘাট মৃত্যু ফাঁদে পরিণত : অতিরিক্ত ভিড়ে পানিতে পড়ে গেলেন যাত্রী

নারায়ণগঞ্জের বন্দর ঘাটে প্রতিদিনের পারাপার যেন রীতিমতো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বিশেষ করে রমজান মাসে সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীর নিয়ে নদী পার হতে গিয়ে যাত্রীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তি ও ঝুঁকির মুখে।

সোমবার (৯ মার্চ) বন্দর ঘাটে ঘটে যায় এক আতঙ্কজনক ঘটনা। অতিরিক্ত যাত্রীচাপের কারণে ধাক্কাধাক্কির মধ্যে হঠাৎ এক ব্যক্তি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান। মুহূর্তেই সেখানে উপস্থিত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে সৌভাগ্যক্রমে ঘাটে থাকা কয়েকজন দ্রুত এগিয়ে এসে পানিতে পড়ে যাওয়া ওই ব্যক্তিকে হাত ধরে টেনে উপরে তুলে আনেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই বলেন, সামান্য এদিক-সেদিক হলেই প্রাণহানির মতো বড় দুর্ঘটনা ঘটতে পারত।

স্থানীয়দের অভিযোগ, বন্দর ঘাটে প্রতিদিনই যাত্রীদের অতিরিক্ত ভিড় থাকে, কিন্তু নেই কোনো কার্যকর নিরাপত্তা ব্যবস্থা। নেই পর্যাপ্ত শৃঙ্খলা বা নিয়ন্ত্রণ। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়েই পারাপার করতে হয় সাধারণ মানুষকে।
বিশেষ করে রমজান মাসে ইফতারের আগে ঘরে ফেরার তাড়াহুড়ায় যাত্রীদের ভিড় কয়েকগুণ বেড়ে যায়। এতে করে ঘাট এলাকায় সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতি।

স্থানীয় সচেতন মহল দ্রুত ঘাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যাত্রী নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন। অন্যথায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাদের।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >