নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাকা না পেয়ে নানিকে হত্যা, নাতি গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে নানিকে হাতুড়ি ও দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার মাত্র ৮ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে আটক করা হয়। 

নিহত বেদেনা কোচ (৬৫) উপজেলার কালিদাস পানাউল্লাহ পাড়া এলাকার বাসিন্দা ও পরেশ চন্দ্র কোচের স্ত্রী। মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের নাতি নয়ন কোচ (১৮) মঙ্গলবার বিকেলে নানির কাছে পাঁচ হাজার টাকা ধার চান। টাকা না দেওয়ায় তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এরপর রাতে সুযোগ বুঝে নয়ন নানির বাড়িতে অবস্থান নেন। পরে রাত ৯টার দিকে নিহতের স্বামী বাজারে গেলে বাড়িতে একা ছিলেন বেদেনা কোচ। রাত আনুমানিক ১১টার দিকে নয়ন প্রথমে হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি অচেতন হয়ে পড়লে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই রক্তাক্ত দা ও হাতুড়ি ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্ত।

পরে রাত সাড়ে ১১টার দিকে পরেশ চন্দ্র কোচ বাড়ি ফিরে স্ত্রীর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা কৌশল ব্যবহার করে বুধবার সকাল ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে নয়ন কোচকে গ্রেপ্তার করা হয়। তিনি জেলখানা মোড় এলাকায় কাঠমিস্ত্রির কাজ করতেন এবং একই গ্রামের শ্যামল কোচের ছেলে। 

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন হত্যার দায় স্বীকার করেছেন। তার দাবি, নানি তার সঙ্গে ভালো ব্যবহার করতেন না।

এ ঘটনায় বুধবার সকালে পরেশ চন্দ্র কোচ বাদী হয়ে নয়ন কোচকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের আগেই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, যা পুলিশের দ্রুত পদক্ষেপের প্রমাণ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >